বাসাবাড়ির দৈনন্দিন কাজ স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন করার লক্ষ্যে হিউম্যানয়েড রোবট তৈরি করছে প্রযুক্তি প্রতিষ্ঠান মেটা। ‘ম্যাক্স’ কোডনামে তৈরি এই রোবটের প্রোটোটাইপটি মাত্র তিন মাসে তৈরি করা হয়েছে। এ কাজে চীনা রোবট নির্মাতা প্রতিষ্ঠান ফুরিয়ের সহযোগিতা নিয়েছে মেটা।
রোবটটির উচ্চতা প্রায় পাঁচ ফুট এবং ওজন ৪৭ কেজি। এর সামনের অংশে থাকা ডিসপ্লের মাধ্যমে মানুষের মুখের মতো বিভিন্ন অভিব্যক্তি প্রকাশ করা সম্ভব। পাশাপাশি এতে রয়েছে বিল্ট-ইন স্পিকার এবং ছোটখাটো জিনিসপত্র ধরতে ও তুলতে সক্ষম বিশেষভাবে তৈরি হাত।
রোবটটির পরিচালনা ও প্রক্রিয়াকরণের জন্য এনভিডিয়ার ‘জেটসন থর’ চিপ ব্যবহার করেছে মেটা। তবে ‘ম্যাক্স’ কবে নাগাদ সাধারণ গ্রাহকদের জন্য বাজারে আসবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি প্রতিষ্ঠানটি।
এদিকে, ‘ম্যাক্স ২’ কোডনামে দ্বিতীয় প্রোটোটাইপ তৈরির কাজও শুরু করেছে মেটা। নতুন সংস্করণে রোবটের হাত ও শরীরের মধ্যবর্তী অংশের নকশায় পরিবর্তন আনার পাশাপাশি সিঁড়ি দিয়ে ওঠানামার সুবিধার জন্য প্রজেক্টর ও অতিরিক্ত সেন্সর যুক্ত করা হচ্ছে।
এর আগে বাসাবাড়ির কাজ করতে সক্ষম রোবট তৈরির লক্ষ্যে আলাদা একটি দল গঠন করেছিল মেটা। পাশাপাশি রোবটের উপযোগী কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরিতে কাজ করা একটি স্টার্টআপও অধিগ্রহণ করেছে প্রতিষ্ঠানটি।









০ টি মন্তব্য