শীতের সময় স্মার্টফোনের ব্যাটারির চার্জ স্বাভাবিকের চেয়ে দ্রুত কমে যেতে পারে। অতিরিক্ত ঠান্ডায় ব্যাটারির কার্যক্ষমতা কমে যাওয়ায় চার্জ থাকা সত্ত্বেও ফোন বন্ধ হয়ে যাওয়ার ঘটনাও ঘটে। তবে কয়েকটি সতর্কতা মেনে চললে শীতেও স্মার্টফোনের ব্যাটারি দীর্ঘস্থায়ী করা সম্ভব।
শীতে ফোনের ব্যাটারির চার্জ কেন দ্রুত কমে
অধিকাংশ স্মার্টফোনে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার করা হয়। তাপমাত্রা কমে গেলে ব্যাটারির ভেতরে আয়নের চলাচল ধীর হয় এবং অভ্যন্তরীণ বাধা বেড়ে যায়। ফলে ক্যামেরা, ডিসপ্লে বা নেভিগেশন ব্যবহারের সময় প্রয়োজনীয় বিদ্যুৎ সরবরাহে ব্যাটারি হিমশিম খেতে পারে। এ কারণেই চার্জ থাকা সত্ত্বেও ফোন বন্ধ হয়ে যেতে পারে।
শীতে ব্যাটারি ভালো রাখার ৭ পরামর্শ
- শরীরের কাছাকাছি রাখুন: বাইরে গেলে ফোন জ্যাকেটের ভেতরের পকেটে রাখুন।
- ব্যাটারি সেভার চালু করুন: দীর্ঘ সময় বাইরে থাকার আগে এটি চালু করে ডিসপ্লের উজ্জ্বলতা ও বন্ধ হওয়ার সময় কমিয়ে রাখুন।
- আগেই তথ্য সংরক্ষণ করুন: ওয়াই-ফাই থাকতে মানচিত্র, টিকিট ও আবাসনের তথ্য নামিয়ে রাখুন।
- ক্যামেরা ও ডিসপ্লের ব্যবহার কমান: ছবি বা ভিডিও ধারণের পর ডিসপ্লে বন্ধ করে ফোন পকেটে রাখুন।
- পর্যাপ্ত চার্জ নিয়ে বের হন: দীর্ঘ সময়ের জন্য বাইরে যাওয়ার আগে ফোন পুরোপুরি চার্জ করে নিন।
- ঠান্ডা ফোন গরম হলে চার্জ দিন: ঘরে ফিরে স্বাভাবিক তাপমাত্রায় আসার পর চার্জে দিন।
- পাওয়ার ব্যাংক সঙ্গে রাখুন: চার্জ করা পাওয়ার ব্যাংক শুকনো ও কিছুটা উষ্ণ জায়গায় রাখুন।
বাইরে যাওয়ার আগে ও ভ্রমণের সময় যা করবেন
মোটরসাইকেল বা স্কুটারে চলার সময় প্রয়োজন না হলে ফোন হ্যান্ডেলবার থেকে খুলে পকেটে রাখুন। এতে শরীরের তাপে ফোন তুলনামূলক উষ্ণ থাকবে। ভ্রমণের আগে ওয়াই-ফাই ব্যবহার করে প্রয়োজনীয় এলাকার মানচিত্র নামিয়ে রাখলে দুর্বল নেটওয়ার্কের কারণে বারবার ইন্টারনেট ব্যবহার করতে হয় না। তবে অফলাইন মানচিত্র ব্যবহারের জন্য জিপিএস চালু রাখতে হয়, যা ব্যাটারি খরচ করে। হাঁটার সময় সম্ভব হলে ডিসপ্লে চালু না রেখে কণ্ঠনির্দেশনা ব্যবহার করা যায়।
বিশেষ করে পুরোনো ব্যাটারিতে চার্জ কম থাকলে ঠান্ডায় ফোন বন্ধ হওয়ার ঝুঁকি বাড়ে। তাই পূর্ণ চার্জ নিয়ে বের হওয়া ভালো।
ঠান্ডা ফোন চার্জ দেওয়ার সময় সতর্কতা
অতিরিক্ত ঠান্ডায় থাকা ফোন ঘরে ফিরিয়ে স্বাভাবিক তাপমাত্রায় আসার জন্য অপেক্ষা করুন, এরপর চার্জে দিন। দ্রুত গরম করতে হিটার বা গাড়ির গরম বাতাসের সামনে ফোন রাখবেন না। ফোন বা চার্জিং পোর্টে আর্দ্রতা দেখা গেলে শুকানো পর্যন্ত অপেক্ষা করুন। ফোন অতিরিক্ত ঠান্ডা হয়ে গেলে পাওয়ার ব্যাংকে যুক্ত করার আগেও স্বাভাবিক তাপমাত্রায় আসতে দিন।
বাইরে ঠান্ডায় ফোন বন্ধ হয়ে গেলেও ঘরে এনে উষ্ণ করার পর স্বাভাবিকভাবে চালু হলে তাপমাত্রাই এর সম্ভাব্য কারণ। কিন্তু ঘরের স্বাভাবিক তাপমাত্রাতেও চার্জ দ্রুত কমলে বা চার্জ থাকা অবস্থায় ফোন বারবার বন্ধ হলে ব্যাটারির স্বাস্থ্য পরীক্ষা করা উচিত।











০ টি মন্তব্য