অফিসের সময় শেষ, তবু মাথা থেকে নামছে না কাজের চিন্তা? জমে থাকা ই-মেইল আর পরদিনের দায়িত্ব নিয়ে দুশ্চিন্তা ছুটির সময়েও পিছু ছাড়ে না। এই অসমাপ্ত কাজের চাপ অনেকের কাছেই পরিচিত অভিজ্ঞতা। বিবিসির একটি প্রতিবেদনে মনোবিজ্ঞানীদের গবেষণা ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে এর কয়েকটি সহজ সমাধান তুলে ধরা হয়েছে।
জেইগারনিক ইফেক্ট কী
১৯২৭ সালে রুশ মনোবিজ্ঞানী ব্লুমা জেইগারনিক এই ধারণা সামনে আনেন। তাঁর গবেষণায় দেখা যায়, শেষ হয়ে যাওয়া কাজের চেয়ে মাঝপথে থেমে থাকা কাজ মানুষের স্মৃতিতে বেশি সক্রিয় থাকে। প্রচলিত একটি ঘটনা অনুযায়ী, মনোবিজ্ঞানী কার্ট লেভিন একটি রেস্তোরাঁয় লক্ষ করেন, বিল মেটার আগ পর্যন্ত ওয়েটাররা অর্ডার মনে রাখতে পারলেও বিল মিটে গেলে তা সহজেই ভুলে যেতেন।
মনোবিজ্ঞানীদের মতে, অসমাপ্ত কাজ মনে থাকলে পরে কাজ শুরু করা সহজ হয়। কিন্তু দীর্ঘ সময় ধরে এই চিন্তা চলতে থাকলে মানসিক চাপ, ঘুমের সমস্যা ও কর্মসংক্রান্ত দুশ্চিন্তা বাড়তে পারে।
মানসিক চাপ কমানোর ৫ উপায়
বিশেষজ্ঞরা কাজ শেষে মনকে স্বস্তি দেওয়ার জন্য নিচের অভ্যাসগুলো গড়ে তোলার পরামর্শ দিয়েছেন।
স্বস্তি পাওয়ার ৫ কৌশল
- সময়ভিত্তিক লক্ষ্য: দিনের শুরুতে অগ্রাধিকার ঠিক করুন এবং কোন কাজ কখন করবেন তা লিখে রাখুন।
- নোটিফিকেশন বন্ধ: কর্মঘণ্টা শেষে অফিসের ই-মেইল ও মেসেজ বারবার দেখা থেকে বিরত থাকুন।
- এক সময়ে এক কাজ: একসঙ্গে একাধিক প্রকল্প এড়িয়ে একটি কাজ গুছিয়ে তারপর পরেরটিতে যান।
- ছুটির আগে পরিকল্পনা: কোন কাজ কোথায় থেমেছে এবং ছুটির পর কীভাবে শুরু করবেন, তা লিখে রাখুন।
- নতুন অভ্যাস: কাজ শেষে হাঁটতে বের হওয়া, পোশাক বদলানো বা ল্যাপটপ অন্য ঘরে রাখার মতো অভ্যাস গড়ুন।
জার্মানির ইউনিভার্সিটি অব অ্যাপ্লায়েড সায়েন্সেস বন-রাইন-জিগের অধ্যাপক ক্রিস্টিন সাইরেকের মতে, কাজ লিখে রাখলে ভুলে যাওয়ার ভয় কমে এবং মনকে বিশ্রাম দেওয়া সহজ হয়। কানাডার ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ার সহকারী অধ্যাপক জোয়ান ওংচোকো বলেন, এক কাজ থেকে অন্য কাজে গেলে মস্তিষ্ককে নতুন করে তথ্য প্রক্রিয়া করতে হয়, ফলে চাপ বাড়ে। আর নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অব গ্রোনিনজেনের সহকারী অধ্যাপক অলিভার ওয়েইগেল্টের মতে, কাজ শেষের নতুন অভ্যাস কাজ থেকে মানসিক দূরত্ব তৈরিতে সহায়ক।
অসমাপ্ত কাজ মানেই ব্যর্থতা নয়
প্রতিটি কাজ শেষ করতেই হবে, এই মানসিকতা থেকে বেরিয়ে আসা জরুরি। বরং কাজের অগ্রগতি, পরবর্তী পদক্ষেপ আর বিশ্রামের সময় নিশ্চিত করাই বেশি গুরুত্বপূর্ণ।
কাজের প্রতি দায়িত্বশীল থাকার পাশাপাশি নিজের মানসিক সুস্থতার দিকেও নজর দিন। কারণ কর্মদক্ষতার জন্য যেমন মনোযোগ দরকার, তেমনি দরকার পর্যাপ্ত বিশ্রাম ও কাজ থেকে বিচ্ছিন্ন থাকার সুযোগ।











০ টি মন্তব্য