কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ব্যক্তিগত সহকারী ‘ডট’ ব্যবহারে নতুন সুবিধা যুক্ত করেছে ওপেনএআই। এখন চ্যাটজিপিটি অ্যাপ না খুলেও সরাসরি মেসেজ পাঠিয়ে ডট এআই এজেন্টকে বিভিন্ন কাজের নির্দেশনা দেওয়া যাবে। শুধু টেক্সট নয়, ছবি ও ভয়েস মেমো পাঠিয়েও নিজের প্রয়োজন বুঝিয়ে দিতে পারবেন ব্যবহারকারীরা।
নতুন এই সুবিধার মাধ্যমে ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী কাজ করার পাশাপাশি প্রয়োজনীয় তথ্য ও কাজের অগ্রগতির আপডেটও নিজে থেকে মেসেজের মাধ্যমে জানাতে পারবে ডট। ফলে প্রতিবার চ্যাটজিপিটি অ্যাপ চালু করে নির্দেশনা দেওয়ার প্রয়োজন হবে না।
প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে চ্যাটজিপিটির প্রো সাবস্ক্রাইবারদের জন্য পরীক্ষামূলকভাবে সুবিধাটি চালু করা হচ্ছে। আইফোন ব্যবহারকারীরা অ্যাপলের আইমেসেজ এবং অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা আরসিএস মেসেজিং প্রযুক্তির মাধ্যমে ডটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।
সুবিধাটি চালু করতে চ্যাটজিপিটি অ্যাপে ডটের প্রোফাইলে প্রবেশ করে ‘টেক্সটিং’ অপশন নির্বাচন করতে হবে। এরপর নিজের ফোনে আইমেসেজ অথবা আরসিএস মেসেজিং চালু রয়েছে কি না, তা নিশ্চিত করতে হবে। মেসেজ আদান-প্রদানের প্রযুক্তিগত অবকাঠামো তৈরিতে ওপেনএআই ‘লিংক’ নামের একটি তৃতীয় পক্ষের প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করছে।
ডটকে সাধারণ চ্যাটবটের পরিবর্তে ব্যক্তিগত এআই সহকারী হিসেবে তৈরি করেছে ওপেনএআই। এটি ব্যবহারকারীর হয়ে বিভিন্ন কাজ সম্পন্ন করতে পারে এবং নির্দিষ্ট বিষয় পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করতে সক্ষম। নতুন মেসেজিং সুবিধার ফলে দৈনন্দিন কাজ পরিচালনায় এআই এজেন্টটির ব্যবহার আরও সহজ হবে বলে ধারণা করা হচ্ছে।
ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্যের নিরাপত্তার বিষয়টিও গুরুত্ব দিয়েছে প্রতিষ্ঠানটি। ওপেনএআই জানিয়েছে, নতুন ব্যবস্থায় ব্যবহারকারী শুধু নিজের ডটের সঙ্গে যোগাযোগ করতে পারবেন এবং ডটও কেবল সংশ্লিষ্ট ব্যবহারকারীকেই মেসেজ পাঠাবে। এ ছাড়া ডটের অন্য ব্যক্তিগত মেসেজ পড়ার সুযোগ থাকবে না। নিরাপত্তা যাচাইয়ের জন্য নিজস্ব উন্নত এআই মডেলের পাশাপাশি তৃতীয় পক্ষের নিরাপত্তা বিশেষজ্ঞদের সহায়তা নেওয়া হয়েছে।
নতুন সুবিধাটিতে চ্যাটজিপিটি অ্যাপের বিদ্যমান মেমোরি ও প্লাগইন ব্যবহারের সুযোগও থাকছে। ফলে অ্যাপে আগে সংরক্ষিত নির্দেশনা ও প্রাসঙ্গিক তথ্য মেসেজের মাধ্যমে কথোপকথনের সময়ও কাজে লাগবে।
তবে আপাতত এই সুবিধা শুধু যুক্তরাষ্ট্রের প্রো গ্রাহকদের জন্য পরীক্ষামূলকভাবে চালু হয়েছে। অন্য দেশের ব্যবহারকারী এবং বিনা মূল্যের গ্রাহকদের জন্য কবে এটি উন্মুক্ত করা হবে, সে বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময় জানায়নি ওপেনএআই।








০ টি মন্তব্য