বাংলাদেশের বাজারে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হয়েছে অ্যাপলের আইফোন ১৮ সিরিজ। অ্যাপলের অনুমোদিত পুনর্বিক্রেতা গ্যাজেট অ্যান্ড গিয়ার ঢাকায় এক অনুষ্ঠানের মাধ্যমে নতুন এই স্মার্টফোন সিরিজের যাত্রা শুরু করেছে। প্রতিষ্ঠানটির বিভিন্ন শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে ফোনগুলো পাওয়া যাচ্ছে বলে জানানো হয়েছে।
নতুন আইফোন সিরিজের সঙ্গে ক্রেতাদের জন্য বিশেষ সুবিধাও ঘোষণা করেছে গ্যাজেট অ্যান্ড গিয়ার। প্রতিটি ফোনের সঙ্গে বিনা মূল্যে শিল্ড+ প্রটেকশন দেওয়ার কথা জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই সুবিধার আওতায় অ্যাপলের নিয়মিত ওয়ারেন্টির পাশাপাশি অতিরিক্ত এক বছরের ওয়ারেন্টি পাওয়া যাবে। ফলে মোট ওয়ারেন্টির মেয়াদ দাঁড়াবে দুই বছর। পাশাপাশি নির্ধারিত শর্ত অনুযায়ী একবার সামনের পর্দা এবং একবার পেছনের গ্লাস পরিবর্তনের সুবিধাও থাকবে।
আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স মডেলে উন্নত ক্যামেরা, ব্যাটারি সক্ষমতা এবং সৃজনশীল কাজের জন্য বিভিন্ন সুবিধার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। বিশেষ করে আইফোন ১৮ প্রো মডেলে ৪৮ মেগাপিক্সেলের ভেরিয়েবল অ্যাপারচার ক্যামেরা ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করা হয়েছে। এসব প্রযুক্তি ছবি তোলা এবং দৈনন্দিন ব্যবহারে নতুন অভিজ্ঞতা দিতে পারে।
ফোন কেনার ক্ষেত্রে ক্রেতাদের আকৃষ্ট করতে কিস্তি ও উপহার সুবিধাও রাখা হয়েছে। গ্যাজেট অ্যান্ড গিয়ারের তথ্য অনুযায়ী, ইএমআই সুবিধায় সর্বোচ্চ ২০ হাজার টাকা ক্যাশব্যাক, ২৪ মাস পর্যন্ত শূন্য শতাংশ সুদে কিস্তি এবং সর্বোচ্চ ১০ হাজার টাকা বোনাস পাওয়ার সুযোগ রয়েছে। মজুত থাকা সাপেক্ষে উপহার হিসেবে এয়ারপডস প্রো ৩ অথবা এয়ারপডস ৫ দেওয়ার কথাও জানিয়েছে প্রতিষ্ঠানটি। এর পাশাপাশি অ্যাপলের অফিসিয়াল কেস, ২০ ওয়াটের অ্যাডাপ্টার এবং স্পাইগেন স্ক্রিন প্রটেক্টর বিনা মূল্যে পাওয়ার সুবিধা রয়েছে।
প্রতিষ্ঠানটির দেওয়া তথ্য অনুসারে, বাংলাদেশে গ্যাজেট অ্যান্ড গিয়ারে আইফোন ১৮ প্রোর দাম ২ লাখ ৭৪ হাজার ৯৯৯ টাকা এবং আইফোন ১৮ প্রো ম্যাক্সের দাম ২ লাখ ৯৯ হাজার ৯৯ টাকা। ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও নারায়ণগঞ্জের শোরুম এবং অনলাইন প্ল্যাটফর্মে ফোনগুলো পাওয়া যাচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।








০ টি মন্তব্য