কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে বিশ্বজুড়ে বিনিয়োগের প্রতিযোগিতার মধ্যে বড় ধাক্কা খেয়েছে চীনের প্রযুক্তি খাত। ব্লুমবারের প্রতিবেদন অনুযায়ী, মাত্র কয়েক মাসে চীনের তিনটি প্রধান প্রযুক্তি শেয়ারসূচকে তালিকাভুক্ত কোম্পানিগুলোর সম্মিলিত বাজারমূল্য কমেছে প্রায় ১ লাখ ৭০ হাজার কোটি ডলার, অর্থাৎ ১.৭ ট্রিলিয়ন ডলার।
কেন পড়ল চীনা প্রযুক্তি শেয়ার
বাজার বিশ্লেষকদের মতে, এআই কোম্পানিগুলোর অতিরিক্ত মূল্যায়ন, সরকারি সহায়তার ওপর নির্ভরশীলতা এবং যুক্তরাষ্ট্রের কঠোর প্রযুক্তি রপ্তানি নিয়ন্ত্রণ এই পতনের পেছনে ভূমিকা রেখেছে। বছরের প্রথমার্ধে কয়েকটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম রেকর্ড উচ্চতায় পৌঁছালেও সাম্প্রতিক দরপতনে সেই উত্থানের বড় অংশ মুছে গেছে।
| সূচক | বর্তমান অবস্থা |
|---|---|
| হ্যাং সেং টেক (হংকং) | দুই বছরের সর্বনিম্ন অবস্থানে |
| চিনেক্সট (হার্ডওয়্যারনির্ভর) | বছরজুড়ে প্রায় ৩১ শতাংশ লোকসানে |
| স্টার ৫০ (চিপনির্ভর) | আগের উত্থানের বড় অংশ হারিয়েছে |
চিপ নিয়ন্ত্রণ ও কোম্পানিগুলোর পরিকল্পনা
যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন বিধিনিষেধ কার্যকর হলে চীনা প্রতিষ্ঠানগুলো বিদেশের ডেটা সেন্টার ব্যবহার করে এনভিডিয়াসহ অন্যদের উন্নত প্রসেসর ভাড়া নিতে পারবে না। এতে ভবিষ্যৎ প্রজন্মের শক্তিশালী এআই মডেল তৈরির সক্ষমতা বাধাগ্রস্ত হতে পারে। টেনসেন্ট জানিয়েছে, চিপের ঘাটতির কারণে তাদের পরবর্তী এইচওয়াই৪ মডেল প্রকাশে বিলম্ব হতে পারে। আলিবাবা আগামী বছর ক্লাউড ব্যবসার প্রবৃদ্ধি কমার পূর্বাভাস দিয়েছে।
অন্যদিকে বিদেশি চিপের ওপর নির্ভরতা কমাতে স্থানীয় নির্মাতাদের দিকে ঝুঁকলে এসএমআইসির মতো কোম্পানি লাভবান হতে পারে। তবে বিশ্লেষকদের মতে, বিপুল ব্যয়, দুর্বল আয় ও তীব্র প্রতিযোগিতার চাপ সামলে ঘুরে দাঁড়ানো সহজ হবে না।











০ টি মন্তব্য