বাংলাদেশের বিদ্যুৎ উৎপাদনের ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। দীর্ঘ প্রতীক্ষা, নির্মাণকাজ ও ধারাবাহিক কারিগরি পরীক্ষার পর দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পাবনার ঈশ্বরদীর রূপপুর থেকে পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু হয়েছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেল ৩টা ১৬ মিনিটে প্রথম ইউনিট থেকে এই বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম শুরু হয়।
প্রাথমিক পর্যায়ে জাতীয় গ্রিডে ৩৫০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হলেও গ্রিডের স্থিতিশীলতা বজায় রাখতে পরে তা ৩০০ মেগাওয়াটে নির্ধারণ করা হয়। এই কার্যক্রমের মধ্য দিয়ে পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনের পথে বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে গেল।
প্রকল্পটির অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো এর আধুনিক প্রযুক্তি। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হয়েছে রাশিয়ার তৈরি VVER-1200 মডেলের থ্রি প্লাস জেনারেশন রিঅ্যাক্টর। এটি উন্নত নিরাপত্তাব্যবস্থা ও আধুনিক প্রকৌশল সুবিধাসম্পন্ন প্রযুক্তি।
রাশিয়ার কালিনিন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টে ব্যবহৃত VVER-1000 প্রযুক্তির তুলনায় রূপপুরে আরও উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। কালিনিন বিদ্যুৎকেন্দ্রটি প্রায় চার দশক ধরে বিদ্যুৎ উৎপাদন করে আসছে। বিশেষজ্ঞদের মতে, আধুনিক প্রযুক্তির পাশাপাশি দক্ষ পরিচালনা ও নিরাপত্তা সংস্কৃতি নিশ্চিত করা পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
রূপপুরের নিরাপত্তা নিয়ে বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ফকির মাহবুব আনাম জানিয়েছেন, প্রকল্পটির নিরাপত্তা নিয়ে সংশয়ের কোনো কারণ নেই। এটি প্রযুক্তিগতভাবে অত্যন্ত উন্নত একটি প্রকল্প। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) প্রতিনিধিদলও প্রকল্পের অগ্রগতি ও নিরাপত্তাব্যবস্থা নিয়ে সন্তোষ প্রকাশ করেছে বলে জানান তিনি।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রথম গ্রিড সংযোগের অংশ হিসেবে উৎপাদিত বিদ্যুৎ প্রায় ৮ থেকে ১০ ঘণ্টা জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। এ সময় টারবাইন, জেনারেটর এবং জাতীয় বিদ্যুৎ গ্রিডের সঙ্গে সমন্বিত পরিচালনব্যবস্থার কার্যকারিতা পর্যবেক্ষণ করা হবে। এরপর প্রয়োজনীয় কারিগরি পরীক্ষা-নিরীক্ষার জন্য কেন্দ্রটিকে গ্রিড থেকে বিচ্ছিন্ন করা হবে।
পরবর্তী সময়ে প্রায় ২৮ ঘণ্টা বিরতির পর আবারও ৪ থেকে ৬ ঘণ্টার জন্য গ্রিডে সংযুক্ত করে পরীক্ষা চালানোর পরিকল্পনা রয়েছে। প্রতিটি ধাপে বিদ্যুৎ উৎপাদনব্যবস্থা, যন্ত্রপাতির কর্মক্ষমতা এবং জাতীয় গ্রিডের সঙ্গে বিদ্যুৎ সরবরাহের সামঞ্জস্য যাচাই করা হবে।
রূপপুরের প্রথম ইউনিটে গত অক্টোবরে পারমাণবিক বিভাজন বা নিউক্লিয়ার ফিশন বিক্রিয়া শুরু হয়। এর মাধ্যমে উৎপন্ন তাপশক্তি ব্যবহার করে বাষ্প তৈরি করা হয়। সেই উচ্চচাপের বাষ্প টারবাইন ঘোরায় এবং টারবাইনের সঙ্গে যুক্ত জেনারেটরের মাধ্যমে উৎপাদিত হয় বিদ্যুৎ।
তবে জাতীয় গ্রিডে পরীক্ষামূলক বিদ্যুৎ সরবরাহ শুরু হওয়া মানেই বাণিজ্যিক উৎপাদন শুরু নয়। প্রয়োজনীয় পরীক্ষা, লাইসেন্স এবং বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের অনুমোদনের পর পর্যায়ক্রমে উৎপাদনক্ষমতা বাড়ানো হবে।
প্রকল্পসংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, রাশিয়ার ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি অনুসারে প্রথম ইউনিটের ১০ মাসের ট্রায়াল অপারেশন সম্পন্ন হওয়ার পর পূর্ণ সক্ষমতায় বাণিজ্যিক বিদ্যুৎ সরবরাহের কার্যক্রম শুরু হবে। তবে শতভাগ উৎপাদনক্ষমতায় পৌঁছাতে আরও কয়েক মাস সময় লাগতে পারে।
উল্লেখ্য, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট নির্মাণ করা হচ্ছে। উভয় ইউনিট চালু হলে কেন্দ্রটি থেকে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। দেশের ক্রমবর্ধমান বিদ্যুৎ চাহিদা পূরণ এবং জ্বালানি উৎপাদনে বৈচিত্র্য আনতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।









০ টি মন্তব্য