https://powerinai.com/

বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ডুবোটেকের চেয়ারম্যান হলেন সাফিউস সামি আলমগীর

২ মিনিট পড়ুন
বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ডুবোটেকের চেয়ারম্যান হলেন সাফিউস সামি আলমগীর বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ডুবোটেকের চেয়ারম্যান হলেন সাফিউস সামি আলমগীর

বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিয়েছেন শিল্পোদ্যোক্তা সাফিউস সামি আলমগীর। প্রতিষ্ঠানটি সামরিক রোবোটিকসের জন্য FORTIS নামের এআইনির্ভর অপারেটিং সিস্টেম তৈরি করেছে। পাশাপাশি ড্রোন, চালকবিহীন স্থল ও সামুদ্রিক যান এবং স্বয়ংক্রিয় নজরদারি প্রযুক্তি নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি। নতুন নেতৃত্বে দেশীয় প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্য রয়েছে ডুবোটেকের।

বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে নতুন নেতৃত্ব পেয়েছে দেশীয় প্রযুক্তি প্রতিষ্ঠান ডুবোটেক ডিজিটাল লিমিটেড। প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শিল্পোদ্যোক্তা ও বিনিয়োগকারী সাফিউস সামি আলমগীর। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তির উন্নয়নে প্রতিষ্ঠানটির কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যেই তাঁর এই দায়িত্ব গ্রহণ।

সাফিউস সামি আলমগীর টাম্পাকো গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি)। পাশাপাশি তিনি বাংলাদেশ ফ্লেক্সিবল প্যাকেজিং ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সভাপতি। উৎপাদনশিল্প, বিনিয়োগ, শিল্পোন্নয়ন ও বেসরকারি খাতে নেতৃত্ব দেওয়ার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে তাঁর। ডুবোটেকের প্রযুক্তিগত সক্ষমতা ও ব্যবসায়িক কার্যক্রম আরও বিস্তৃত করতে তাঁর অভিজ্ঞতা কাজে লাগবে বলে আশা করছে প্রতিষ্ঠানটি।

ডুবোটেক মূলত সামরিক রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রতিরক্ষা প্রযুক্তি নিয়ে কাজ করছে। প্রতিষ্ঠানটির অন্যতম উদ্ভাবন ‘FORTIS’, যা সামরিক রোবোটিকস ব্যবস্থার জন্য তৈরি একটি কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর অপারেটিং সিস্টেম। এই প্রযুক্তির মাধ্যমে স্থল, আকাশ, সমুদ্রপৃষ্ঠ এবং পানির নিচে পরিচালনাযোগ্য বিভিন্ন স্বয়ংক্রিয় প্ল্যাটফর্ম তৈরি করছে প্রতিষ্ঠানটি।

ডুবোটেকের প্রযুক্তি পণ্যের তালিকায় রয়েছে স্বয়ংক্রিয় পানির নিচের যান (AUV), চালকবিহীন সামুদ্রিক যান (USV), চালকবিহীন স্থলযান (UGV), ভারী সরঞ্জাম বহনে সক্ষম ড্রোন, বুদ্ধিমান নজরদারি ব্যবস্থা এবং এআইনির্ভর নিরাপত্তা প্ল্যাটফর্ম। এসব প্রযুক্তি প্রতিরক্ষা ও নিরাপত্তা কার্যক্রমে ব্যবহারের উপযোগী করে তৈরি করা হচ্ছে।

উদ্ভাবন ও প্রযুক্তিগত সক্ষমতার স্বীকৃতি হিসেবে ২০২৫ সালে শিল্প মন্ত্রণালয়ের অধীনে আয়োজিত ন্যাশনাল এসএমই উদ্যোক্তা পুরস্কারে ‘স্টার্টআপ অব দ্য ইয়ার’ নির্বাচিত হয় ডুবোটেক। এ ছাড়া ‘শার্ক ট্যাংক বাংলাদেশ’-এর মাধ্যমে বিনিয়োগ পাওয়ার পাশাপাশি সরকারি ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান স্টার্টআপ বাংলাদেশ লিমিটেড থেকেও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ পেয়েছে প্রতিষ্ঠানটি।

প্রতিরক্ষা খাতেও নিজেদের কার্যক্রম সম্প্রসারণ করছে ডুবোটেক। প্রতিষ্ঠানটির দাবি, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সঙ্গে তাদের একাধিক চুক্তি হয়েছে এবং বিভিন্ন প্রযুক্তিপণ্যের ক্রয়াদেশও পেয়েছে তারা। এসব চুক্তির আওতায় কয়েকটি প্রতিরক্ষা ব্যবস্থা নকশা, সরবরাহ ও কার্যকরভাবে পরিচালনার পর্যায়ে নেওয়া হয়েছে।

এদিকে, প্রতিষ্ঠানটির প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রম জাতীয় পর্যায়েও গুরুত্ব পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান ডুবোটেকের প্রযুক্তি প্রদর্শনী পরিদর্শন করেছেন। এ সময় তিনি প্রতিষ্ঠানটির প্রতিনিধিদের সঙ্গে কথা বলেন এবং দেশীয়ভাবে তৈরি প্রযুক্তিপণ্য ও উদ্ভাবন সম্পর্কে খোঁজখবর নেন।

নতুন নেতৃত্ব, প্রাতিষ্ঠানিক বিনিয়োগ এবং প্রতিরক্ষা খাতে প্রযুক্তিগত কার্যক্রমের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক বাজারেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চায় ডুবোটেক। একই সঙ্গে দেশীয়ভাবে এআই, রোবোটিকস ও স্বয়ংক্রিয় প্রযুক্তির উন্নয়নের মাধ্যমে বাংলাদেশের প্রতিরক্ষা প্রযুক্তি খাতে স্থানীয় উদ্ভাবনের পরিধি বাড়ানোর লক্ষ্য নিয়ে এগোচ্ছে প্রতিষ্ঠানটি।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।