https://powerinai.com/

প্রযুক্তির খবর

এআইয়ের চাপে কঠিন সময় পার করছে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী

এআইয়ের চাপে কঠিন সময় পার করছে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী এআইয়ের চাপে কঠিন সময় পার করছে ক্যানভা, চাকরি হারাচ্ছেন ১ হাজার ২৭১ কর্মী
 

অস্ট্রেলিয়ার জনপ্রিয় ডিজাইন প্ল্যাটফর্ম ক্যানভা প্রতিষ্ঠার ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন সময় পার করছে। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির প্রভাব, ব্যবসায়িক প্রবৃদ্ধি কমে যাওয়া এবং নতুন প্রযুক্তি যুক্ত করার বিপুল খরচের কারণে বড় ধরনের পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে প্রতিষ্ঠানটি। এর অংশ হিসেবে কর্মীসংখ্যার প্রায় ২২ শতাংশ কমানো হচ্ছে।

বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ক্যানভার মোট ১ হাজার ২৭১ জন কর্মী চাকরি হারাচ্ছেন অথবা তাঁদের কর্মস্থল ও কাজের ধরনে পরিবর্তন আসছে। বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় কোম্পানির সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মেলানি পারকিন্স এই পরিস্থিতিকে প্রতিষ্ঠানের ১৩ বছরের ইতিহাসে সবচেয়ে কঠিন মুহূর্ত বলে উল্লেখ করেছেন।

তিনি জানান, কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া সহজ ছিল না। তবে প্রতিষ্ঠানের ভবিষ্যৎ কার্যক্রম আরও কার্যকর করতে বড় ধরনের পরিবর্তন প্রয়োজন হয়ে পড়েছে। কিছু কর্মীর দায়িত্ব পরিবর্তন করা হবে, আবার কয়েকজনকে নির্দিষ্ট কেন্দ্রীয় কার্যালয়ে স্থানান্তরের প্রস্তাব দেওয়া হবে।

এক দশকে প্রথমবার প্রবৃদ্ধি কমল

ক্যানভার প্রধান নির্বাহী জানিয়েছেন, চলতি বছর প্রতিষ্ঠানটির প্রবৃদ্ধি গত এক দশকের মধ্যে প্রথমবারের মতো মন্থর হয়েছে। বর্তমানে ৩৭টি দেশে ক্যানভার কর্মীরা কাজ করছেন। তবে ভবিষ্যতে প্রতিষ্ঠানটির অধিকাংশ পণ্য উন্নয়ন দলের প্রধান কেন্দ্র হিসেবে অস্ট্রেলিয়ার সিডনিকে গড়ে তোলা হবে।

এ ছাড়া ২০২৭ সাল থেকে দূরবর্তী ও হাইব্রিড পদ্ধতিতে কাজ করা কর্মীদের সপ্তাহে দুই থেকে তিন দিন অফিসে উপস্থিত থাকা বাধ্যতামূলক করা হচ্ছে।

কমেছে ক্যানভার বাজারমূল্য

এআই প্রযুক্তির দ্রুত অগ্রগতি ক্যানভার ব্যবসার জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। একদিকে এআইভিত্তিক নতুন ডিজাইন টুলের প্রতিযোগিতা বাড়ছে, অন্যদিকে নিজেদের প্ল্যাটফর্মে এআই প্রযুক্তি যুক্ত করতে বিপুল অর্থ ব্যয় করতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

এর প্রভাব পড়েছে কোম্পানিটির মূল্যায়নেও। চলতি বছরের শুরুতে ক্যানভার দুই প্রধান বিনিয়োগকারী ব্ল্যাকবার্ড ভেঞ্চার্স ও এয়ারট্রি প্রতিষ্ঠানটির মূল্যায়ন কমিয়ে দেয়।

গত বছরের শেষ দিকে ক্যানভার আনুমানিক মূল্যায়ন ছিল ৬ হাজার কোটি অস্ট্রেলীয় ডলার। পরে তা কমিয়ে প্রায় ৪ হাজার ৯০০ কোটি অস্ট্রেলীয় ডলারে নির্ধারণ করা হয়। নতুন এআই পণ্য তৈরির ব্যয় বেড়ে যাওয়াও মূল্যায়ন কমার অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে।

এআই বদলে দিচ্ছে ডিজাইনশিল্প

২০১৩ সালে মেলানি পারকিন্স ক্যানভা প্রতিষ্ঠা করেন। প্রযুক্তিগত দক্ষতা ছাড়াই যেন সাধারণ মানুষ সহজে গ্রাফিকস, বিয়ের আমন্ত্রণপত্রসহ বিভিন্ন ডিজাইন তৈরি করতে পারেন, সেই লক্ষ্যেই প্ল্যাটফর্মটি যাত্রা শুরু করে।

কিন্তু বর্তমানে জেনারেটিভ এআইয়ের কারণে ডিজাইন তৈরির পদ্ধতিতে দ্রুত পরিবর্তন আসছে। ফলে ক্যানভার মতো প্রতিষ্ঠানের সামনে একদিকে নতুন প্রযুক্তির সঙ্গে তাল মেলানোর চ্যালেঞ্জ, অন্যদিকে ব্যবসার প্রবৃদ্ধি ধরে রাখার চাপ তৈরি হয়েছে।

ক্যানভার এই কর্মী ছাঁটাই প্রযুক্তি খাতে এআইয়ের প্রভাব নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠান এআই প্রযুক্তিকে নিজেদের ব্যবসার সঙ্গে যুক্ত করতে ব্যর্থ হবে অথবা এর ব্যয় সামাল দিতে পারবে না, তাদের জন্য ভবিষ্যতে প্রতিযোগিতায় টিকে থাকা আরও কঠিন হতে পারে।








০ টি মন্তব্য



মতামত দিন

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার মতামতটি দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।







পাসওয়ার্ড ভুলে গেছেন? পুনরায় রিসেট করুন






রিভিউ

আপনি লগ ইন অবস্থায় নেই।
আপনার রিভিউ দেওয়ার জন্য লগ ইন করুন। যদি রেজিষ্ট্রেশন করা না থাকে প্রথমে রেজিষ্ট্রেশন করুন।