আইফোনের ভয়েস অ্যাসিস্ট্যান্ট সিরিকে আরও শক্তিশালী ও কার্যকর করতে বড় পরিবর্তন আনছে অ্যাপল। নতুন উদ্যোগের আওতায় আইফোনের সব অ্যাপের জন্য সিরির সুবিধা উন্মুক্ত করা হচ্ছে। ফলে ব্যবহারকারীরা শুধু অ্যাপলের নিজস্ব অ্যাপ নয়, অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপেও সিরিকে কাজে লাগিয়ে বিভিন্ন কাজ করতে পারবেন।
প্রযুক্তিবিষয়ক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, নতুন এই সুবিধার মাধ্যমে সিরি ব্যবহারকারীর ব্যক্তিগত তথ্য ও কাজের ধরন বুঝে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারবে। কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) সহায়তায় ব্যবহারকারীর নির্দেশনা অনুযায়ী বিভিন্ন কাজ সম্পন্ন করাও সহজ হবে।
এত দিন সিরির বেশির ভাগ উন্নত সুবিধা অ্যাপলের নিজস্ব অ্যাপের মধ্যেই সীমাবদ্ধ ছিল। নতুন উদ্যোগের ফলে তৃতীয় পক্ষের অ্যাপ নির্মাতারাও নিজেদের অ্যাপে সিরির বিভিন্ন সুবিধা যুক্ত করতে পারবেন। এতে আইফোন ব্যবহারকারীদের দৈনন্দিন কাজের অভিজ্ঞতায় বড় পরিবর্তন আসতে পারে।
উদাহরণ হিসেবে, কোনো রাইড শেয়ারিং অ্যাপে ট্যাক্সি বুক করার পর যাত্রাপথে সিরিকে মুখে নির্দেশ দিয়েই গন্তব্য পরিবর্তন করা যাবে। আবার কোনো অনলাইন শপিং অ্যাপে নির্দিষ্ট জুতার ছাড়ের তথ্য জানতে কিংবা একই ধরনের অন্য পণ্যের সঙ্গে তুলনা করতেও সিরির সাহায্য নেওয়া যাবে।
এ ছাড়া খাবার অর্ডার করার পর সেটির সর্বশেষ অবস্থা জানতে ব্যবহারকারীরা সরাসরি সিরিকে প্রশ্ন করতে পারবেন। সংশ্লিষ্ট অ্যাপ থেকে তথ্য সংগ্রহ করে সিরি তাৎক্ষণিকভাবে উত্তর দিতে পারবে।
নতুন এই ব্যবস্থা তৈরি করা হয়েছে অ্যাপলের ‘অ্যাপ ইনটেন্টস’ প্রযুক্তির ওপর ভিত্তি করে। ২০২২ সালে প্রথমবারের মতো প্রযুক্তিটি পরিচয় করিয়ে দেয় অ্যাপল। এর মাধ্যমে অ্যাপগুলো নিজেদের নির্দিষ্ট কাজ ও সেবা সরাসরি আইফোনের অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত করতে পারে।
অ্যাপল জানিয়েছে, আইওএস ২৭.৩-এর আগাম সংস্করণের অংশ হিসেবে নতুন সুবিধাটি ইতিমধ্যে ডেভেলপারদের জন্য উন্মুক্ত করা হয়েছে। তবে সাধারণ ব্যবহারকারীদের জন্য সুবিধাটি চালু হতে আরও কয়েক মাস অপেক্ষা করতে হবে। আগামী বসন্তে ডেভেলপাররা নতুন সুবিধাসম্পন্ন অ্যাপ জমা দিতে পারবেন।
তবে নতুন ফিচারটি ব্যবহারের জন্য অ্যাপল ইন্টেলিজেন্স সমর্থিত আইফোন প্রয়োজন হবে। পাশাপাশি ব্যবহারকারীর নির্বাচিত ভাষাও এআই সুবিধার আওতাভুক্ত হতে হবে।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের কঠোর বিধিনিষেধ ও আইনি জটিলতার কারণে ইউরোপের বাজারে শুরুতেই সুবিধাটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছে অ্যাপল। এ বিষয়ে ইউরোপীয় কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে প্রতিষ্ঠানটি।
সিরিকে আরও বুদ্ধিমান ও বহুমুখী করে তোলার মাধ্যমে স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতায় নতুন মাত্রা যোগ করতে চাইছে অ্যাপল। নতুন উদ্যোগ সফল হলে শুধু ভয়েস কমান্ড নয়, ব্যবহারকারীর প্রয়োজন বুঝে বিভিন্ন অ্যাপের মাধ্যমে কাজ সম্পন্ন করার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে সিরি।










০ টি মন্তব্য