বড় আকারের নথি, PDF, অফিস ফাইল ও ভিডিও থেকে প্রয়োজনীয় তথ্য খুঁজে বের করার কাজ সহজ করতে নতুন এআই প্রযুক্তি যুক্ত করেছে Google। Vertex AI-এর Agent Retrieval ব্যবস্থায় Managed Ingestion ও SearchDocuments নামের দুটি সুবিধা Public Preview হিসেবে চালু হয়েছে। ফলে ডেভেলপাররা জটিল ডেটা প্রসেসিং পাইপলাইন না বানিয়েই AI Retrieval প্রযুক্তি ব্যবহার করে নথি ও ভিডিওতে অনুসন্ধান চালাতে পারবেন।
আগের জটিলতা, নতুন সমাধান
Google Developers Blog-এর প্রতিবেদন অনুযায়ী, আগে কোনো এআই এজেন্টকে PDF বা অফিস ফাইল থেকে উত্তর দেওয়ার উপযোগী করতে অনেক ধাপ পার হতে হতো। ফাইল থেকে লেখা বের করা, নথিকে ছোট অংশে ভাগ করা, সেগুলোকে এমবেডিং বা সংখ্যাভিত্তিক ভেক্টরে রূপান্তর করা এবং ভেক্টর ডেটাবেজে রেখে অনুসন্ধানের ব্যবস্থা বানানো লাগত। ভিডিওর ক্ষেত্রে দৃশ্য বিশ্লেষণ, অডিও থেকে বক্তব্য শনাক্ত ও সময়ভিত্তিক তথ্য সংরক্ষণের কাজও যুক্ত হতো।
নতুন Managed Ingestion এই প্রক্রিয়ার বড় অংশ নিজে পরিচালনা করে। Google Cloud Storage-এ রাখা ফাইল নির্দিষ্ট Data Store-এর সঙ্গে যুক্ত করলে সিস্টেম নিজেই ফাইল বিশ্লেষণ, বিভাজন ও এমবেডিং তৈরি করে। এ কাজে Gemini Embedding 2 ব্যবহার করা হচ্ছে বলে Google জানিয়েছে।
নতুন সুবিধা দুটি এক নজরে
- Managed Ingestion: ফাইল বিশ্লেষণ, বিভাজন ও এমবেডিং তৈরির কাজ স্বয়ংক্রিয়ভাবে করে
- SearchDocuments: একটি API কলেই সংরক্ষিত তথ্যে অনুসন্ধান করা যায়
- উৎসের অবস্থান: ফলাফলের সঙ্গে নথির পৃষ্ঠা নম্বর বা ভিডিওর নির্দিষ্ট সময় পাওয়া যেতে পারে
- বর্তমান অবস্থা: এখনো Public Preview পর্যায়ে
উৎসসহ উত্তর কেন গুরুত্বপূর্ণ
কয়েক শ পৃষ্ঠার PDF-এ কোন তথ্য কোথায় আছে, তা খুঁজে বের করতে সময় লাগে। নতুন ব্যবস্থায় পৃষ্ঠা নম্বরসহ অংশ পাওয়া গেলে ব্যবহারকারী মূল নথিতে গিয়ে তথ্য যাচাই করতে পারবেন। ভিডিওর ক্ষেত্রেও প্রশিক্ষণ ভিডিও বা সভার রেকর্ডিং থেকে নির্দিষ্ট বক্তব্য খুঁজতে পুরো ভিডিও দেখতে হবে না। ব্যাংক, গবেষণা সংস্থা, বিশ্ববিদ্যালয়, সংবাদমাধ্যম ও সরকারি দপ্তরের মতো যেসব প্রতিষ্ঠানে বিপুল নথি থাকে, তাদের জন্য এটি কাজে লাগতে পারে।
Google নিজেদের পরীক্ষার দুটি উদাহরণ দিয়েছে। প্রতিষ্ঠানটির দাবি, Alphabet-এর বিনিয়োগকারীসংক্রান্ত ১৮টি PDF নথি অনুসন্ধানযোগ্য করতে প্রায় নয় মিনিট লেগেছে। আর ১৯ মিনিটের একটি ভিডিওতে প্রতি প্রশ্নে অনুসন্ধানে প্রায় শূন্য দশমিক ৩ থেকে শূন্য দশমিক ৫ সেকেন্ড সময় লেগেছে। এগুলো প্রতিষ্ঠানটির নিজস্ব দাবি।
তবে প্রযুক্তিটি এখনো Public Preview পর্যায়ে, তাই একে পুরোপুরি স্থিতিশীল বলা যাবে না। তথ্যের মান, ভাষাগত নির্ভুলতা ও জটিল নথি বিশ্লেষণের সক্ষমতা বাস্তব ব্যবহারে যাচাই করতে হবে। উৎস দেখানো হলেও ব্যবহারকারীর নিজস্ব যাচাই জরুরি, কারণ ভুলভাবে স্ক্যান করা নথি বা অস্পষ্ট ভিডিওর কারণে ফলাফলে ভুল থাকতে পারে।






০ টি মন্তব্য