গেমিংয়ের পাশাপাশি ভিডিও এডিটিং, গ্রাফিকস ডিজাইন, থ্রিডি মডেলিং ও কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক কাজেও গ্রাফিকস কার্ডের ব্যবহার বাড়ছে। তাই নতুন কম্পিউটার তৈরি কিংবা পুরোনো পিসি আপগ্রেড করার সময় সঠিক গ্রাফিকস কার্ড নির্বাচন করা গুরুত্বপূর্ণ। শুধু দাম বা জনপ্রিয় মডেল বিবেচনা না করে কাজের ধরন, মেমোরি ও প্রযুক্তিগত সক্ষমতা যাচাই করে কার্ড কেনার পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
১. ভির্যাম মেমোরি: গ্রাফিকস কার্ডের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলোর একটি হলো ভিডিও র্যাম বা ভির্যাম। এআই মডেল তৈরি, উচ্চ রেজল্যুশনের ভিডিও সম্পাদনা ও থ্রিডি রেন্ডারিংয়ের জন্য বেশি মেমোরি প্রয়োজন। সাধারণ কাজের জন্য ৮ জিবি দিয়ে শুরু করা গেলেও ১৬ জিবি ভির্যাম অধিকাংশ সৃজনশীল কাজের জন্য ভালো বিকল্প। ভারী এআই ও সিমুলেশনের ক্ষেত্রে ৩২ জিবি বা তার বেশি মেমোরি প্রয়োজন হতে পারে।
২. কাজ অনুযায়ী পারফরম্যান্স: শুধু ভির্যামের পরিমাণ বেশি হলেই গ্রাফিকস কার্ড ভালো হবে, এমন নয়। প্রসেসিং ক্ষমতা, কোর সংখ্যা, ক্লক স্পিড ও মেমোরি ব্যান্ডউইডথ বিবেচনা করতে হবে। বিশেষ করে ভিডিও রেন্ডারিং ও জটিল থ্রিডি কাজের জন্য শক্তিশালী প্রসেসিং সক্ষমতা প্রয়োজন।
৩. কার্ডের আকার ও এয়ারফ্লো: আধুনিক গ্রাফিকস কার্ডের আকার তুলনামূলক বড় হয়ে থাকে। অনেক মডেলে তিনটি কুলিং ফ্যানও থাকে। তাই কেনার আগে কম্পিউটার কেসিংয়ে কার্ডটি ঠিকভাবে বসবে কি না এবং পর্যাপ্ত বাতাস চলাচলের ব্যবস্থা রয়েছে কি না, তা নিশ্চিত হওয়া জরুরি।
৪. প্রয়োজনীয় পোর্ট: একাধিক মনিটর ব্যবহারের ক্ষেত্রে ডিসপ্লেপোর্ট ও এইচডিএমআই সংযোগ গুরুত্বপূর্ণ। কাজের ধরন অনুযায়ী ইউএসবি টাইপ-সি ভিডিও আউটপুটের প্রয়োজনীয়তাও যাচাই করা উচিত।
৫. এআই ও আধুনিক প্রযুক্তির সুবিধা: নতুন প্রজন্মের গ্রাফিকস কার্ডে এআইভিত্তিক বিভিন্ন প্রযুক্তি যুক্ত হচ্ছে। এসব প্রযুক্তি ভিডিও প্রসেসিং, ইমেজ উন্নয়ন ও রেন্ডারিংয়ের কাজে গতি বাড়াতে সহায়তা করে। তাই কার্ড কেনার সময় সমর্থিত প্রযুক্তি ও সফটওয়্যার সামঞ্জস্য যাচাই করা প্রয়োজন।
৬. বাজেট ও কাজের চাহিদা: গ্রাফিকস কার্ড কেনার আগে নিজের কাজের ধরন ও বাজেট নির্ধারণ করা উচিত। শুধু বেশি দামি বা সর্বশেষ মডেল কেনার পরিবর্তে প্রয়োজন অনুযায়ী উপযুক্ত কার্ড নির্বাচন করলে অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা সম্ভব।
সঠিক গ্রাফিকস কার্ড নির্বাচন করলে কম্পিউটারের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি ভবিষ্যতের কাজেও ভালো সুবিধা পাওয়া যায়। তাই কেনার আগে প্রযুক্তিগত বৈশিষ্ট্য ও ব্যবহারিক প্রয়োজন যাচাই করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।











০ টি মন্তব্য